
মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন থাকায় স্বজন ও পুলিশের ধারণা, তাঁকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হতে পারে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হক ওই গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে। তিনি দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর আর বাড়িতে ফেরেননি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ সময় আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, মরদেহের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।