
জনস্বাস্থ্য সুরক্ষায় মোড়কাবদ্ধ খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী সংযোজন এবং খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত ও গেজেট প্রকাশের দাবিতে জকিগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় জকিগঞ্জ পৌরসভার ক্যাডেটহোম স্কুল গেটে সিটিজেন নেটওয়ার্ক (সিনেট) এর সহায়তায় সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, ক্যাডেটহোম স্কুলের প্রিন্সিপাল মো. সিরাজ উদ্দিন ও এসডিএস এর অফিস ম্যানেজার রাজশ রায়।
কর্মসূচি থেকে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে বলা হয়, বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাদ্যের অতিরিক্ত গ্রহণ এসব রোগের অন্যতম কারণ।
চিঠিতে আরও বলা হয়, খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল বা Front-of-Pack Labeling (FOPL) সংযোজন করা হলে ভোক্তারা সহজেই অস্বাস্থ্যকর খাদ্য শনাক্ত করে স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন করতে পারবেন। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলকভাবে স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়।
কর্মসূচিতে বলা হয়, মোড়কাবদ্ধ খাদ্য কেনার সময় ভোক্তাদের কাছে পণ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর ফ্যাটের উপস্থিতি সহজে বোঝার সুযোগ থাকা জরুরি। খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী থাকলে সচেতনভাবে খাদ্য নির্বাচন করা সহজ হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।