সিলেটের ওসমানীনগরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন তরুণ সংগীতশিল্পী পেহেলী ভৈরবী। বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন পেহেলী ভৈরবী। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত পেহেলী ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। ওসমানীনগরের এ দুর্ঘটনায় নিহত অন্তত ৯ জনের একজন তিনি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেষ একটি স্ট্যাটাস দিয়েছিলেন পেহেলী ভৈরবী। সেখানে তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়ে পরিচিতজনদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটিই তাঁর জীবনের শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট হয়ে থাকে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।




