সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গণমাধ্যম, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরের শিবগঞ্জে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক নেতারা বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল, এই বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কোরআন-হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে খতমে নবুওয়তের শিক্ষা মানুষের কাছে তুলে ধরা, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য জোরদার করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তাঁরা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক এই আয়োজনের উদ্দেশ্য ও কর্মসূচি দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশী এবং মধুপুরের পীর সাহেব মাওলানা আবদুল হামিদ।
সম্মেলনে অংশ নিতে বৃহত্তর সিলেটের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
তাঁরা জানান, দুই দিনের এই আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশন ও পরিবহনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলার সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী, সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা আবদুল মুকিত চৌধুরী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাঈদ আহমদ, এম. বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা এরশাদ খান আল হাবিব ও মাওলানা নোমান সালেহ প্রমুখ।


