মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

স্বপ্নপূরণের প্রত্যয়ে জকিগঞ্জে ‘PENSIVE’-এর যাত্রা শুরু

আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের উদ্যোগ, প্রথম দিনেই ফুলেল শুভেচ্ছায় বরণ শতাধিক শিক্ষার্থীকে


স্বপ্নপূরণের প্রত্যয়ে জকিগঞ্জে ‘PENSIVE’-এর যাত্রা শুরু

স্বপ্ন আছে, আছে সম্ভাবনাও। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, মানসম্মত শিক্ষা আর উপযুক্ত পরিবেশ। শিক্ষার্থীদের সেই স্বপ্নপূরণের প্রত্যয় নিয়ে জকিগঞ্জে যাত্রা শুরু করেছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘PENSIVE’। উদ্বোধনের প্রথম দিনেই এসএসসি-২০২৭ পরীক্ষার প্রস্তুতি কোর্সে ভর্তি হওয়া শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জকিগঞ্জের বাবুর বাজারের ফারহাদ আল ম্যানশনের দ্বিতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে PENSIVE-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও মির্জারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করে শিক্ষার্থীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আহমদ মনসুর আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক বদরুল আলম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ট্যালেন্টস হোমের প্রধান শিক্ষক তারেক আহমদ এবং সমাজসেবক আনোয়ার হোসেন। তাঁরা বলেন, জকিগঞ্জের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার এ উদ্যোগ সময়োপযোগী। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে প্রতিষ্ঠানটিকে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

প্রতিষ্ঠানের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন পরিচালক ও জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. সালমান আহমদ। শিক্ষা কার্যক্রম ও পাঠদান পদ্ধতি নিয়ে কথা বলেন পরিচালক ও জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো. রুহুল আমিন ফাহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক ও থানা বাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. খলিলুর রহমান খাদিমানী।

প্রযুক্তিনির্ভর পাঠদান, গুরুত্ব নিয়মিত মূল্যায়নে

PENSIVE-এ স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের পাঠদানের পাশাপাশি বৃত্তি প্রস্তুতি, বেসিক ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতসহ বিভিন্ন বিষয় পড়ানো হবে। মাদরাসার শিক্ষার্থীদের জন্য রয়েছে আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠদান।

শ্রেণিকক্ষে স্মার্ট টিভি, আধুনিক বোর্ড ও প্রযুক্তিনির্ভর শিক্ষা-উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি নিয়মিত পরীক্ষা, মূল্যায়ন ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘Dream. Prepare. Achieve.’ অর্থাৎ স্বপ্ন দেখো, প্রস্তুতি নাও, অর্জন করো—এই স্লোগানকে সামনে রেখে PENSIVE-এর পথচলা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আধুনিক শিক্ষার এ উদ্যোগ কতটা কার্যকরভাবে জকিগঞ্জের শিক্ষার্থীদের স্বপ্নপূরণের সঙ্গী হয়ে উঠতে পারে।