মৌলভীবাজারের কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি আরব প্রবাসী স্বামীর ঘরে চার নবজাতকের আগমনে পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
চার কন্যাসন্তানের বাবা সাইদুল ইসলাম রিজন। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তাঁর স্ত্রী একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও চার নবজাতক সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই সুস্থ আছেন।
একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। নবজাতকদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।





