মূল কনটেন্টে যান
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জৈন্তাপুরে চার ঘণ্টার অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক


জৈন্তাপুরে চার ঘণ্টার অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক

সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. কিবরিয়া (২৭)। তিনি জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, লালাখাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিবরিয়ার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় বিজিবি। পরে তাকে আটকের লক্ষ্যে লালাখাল বিওপির একটি টহল দল বিশেষ অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা ধরে সতর্ক নজরদারি ও কৌশলগত অবস্থানের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম, পিবিজিএম জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।