মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে অধ্যক্ষ নূরুল ইসলামকে সার্বজনীন সংবর্ধনা দেওয়ার উদ্যোগ

তিন যুগের বেশি সময়ের কর্মময় জীবনের স্বীকৃতি দিতে স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত, গঠিত ৫৫ সদস্যের কমিটি


নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জে অধ্যক্ষ নূরুল ইসলামকে সার্বজনীন সংবর্ধনা দেওয়ার উদ্যোগ
মতবিনিময় সভায় মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রাখা সাবেক সকল দায়িত্বশীলদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় যাঁর শ্রম, মেধা ও নেতৃত্বের রয়েছে বিশেষ অবদান, সেই প্রিয় অধ্যক্ষকে সম্মান জানাতে এগিয়ে এসেছেন প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তাঁকে সার্বজনীন বিদায়ী সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) মাদ্রাসার হলরুমে এলাকাবাসী ও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধনা আয়োজন, স্মারকগ্রন্থ প্রকাশ এবং অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা কুতবুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এস আলম সফু, মঞ্জুর আহমদ সেলিম, মাওলানা ফদ্বলুর রহমান, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম শুধু একজন শিক্ষক বা প্রতিষ্ঠানপ্রধান ছিলেন না; দীর্ঘ কর্মজীবনে তিনি জকিগঞ্জের শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাঁর অবদানকে যথাযথ মর্যাদায় স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

সভায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত হয়। পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের শিক্ষাবিদদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা কমিটি ও ৫৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মঞ্জুর আহমদ সেলিম, আবুল কালাম, মো. মুজম্মিল আলী, মো. মুহিবুর রহমান মাখন, সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান লিলু, মাওলানা মাশুক আহমদ আইয়রী, হাজী আব্দুল কাদির, মাওলানা আব্দুল জব্বার, আবু রুশদ মোহাম্মদ ইকবাল এবং লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ-বীরশ্রী আঞ্চলিক শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস।

বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে। সদস্য সচিব করা হয়েছে জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমানকে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা জামিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী এস আলম ছফু এবং বেউর বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও বিএনপি নেতা হিফজুর রহমান।

যুগ্ম সদস্য সচিব করা হয়েছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন সুহেল, এম. আব্দুল্লাহ আল সোহেল, প্রাক্তন ছাত্র পরিষদের আইসিটি বিষয়ক সম্পাদক আব্দুর রব জাকারিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শিপন, থানাবাজার হাবিবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আলী হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক মো. হুসাইন আহমদ এবং লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সোয়েব আহমদ চৌধুরী, মো. নজমুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, আখলিছুর রহমান, বকুল মিয়া, ইসলাম উদ্দিন, কামাল আহমদ, হেলাল আহমদ, মুনিম আহমদ, শাহনেওয়াজ আহমদ, দিলশাদ আনোয়ার, তাহমিদ আহমেদ ও আব্দুল খালিক খলকু প্রমুখ।

উল্লেখ্য, মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় তিন যুগের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব ও প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। দীর্ঘ কর্মজীবন শেষে তাঁর অবসর গ্রহণকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর এ উদ্যোগকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।