জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারতসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরকালে স্পিকার কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। পরে জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং উপজেলা সদরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর হাফিজও অংশ নেন। তাঁর সামনেই শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। পরে তাঁকে কানাইঘাটের মাটিতেই সমাহিত করা হয়।
কানাইঘাটের সড়কের বাজারে এক রাতেই চার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ১৮ নভেম্বর ২০২৬জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি জাতীয় সংসদেও তুলে ধরেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
স্পিকারের সফর বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। এতে সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা সফরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে জকিগঞ্জে পৌঁছে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন স্পিকার। বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন নাগরিকেরা।
স্থানীয়দের প্রত্যাশা, স্পিকারের এ সফরের মধ্য দিয়ে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।

