সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগরে স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির উদ্দিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও দপ্তর সম্পাদক মারজানুল আযহার জুনেদ।
এছাড়া উপস্থিত ছিলেন পূর্ণানগর গ্রামের তরুণ সমাজসেবক ও আয়োজনের অন্যতম উদ্যোক্তা সজিব উদ্দিন নাঈম, মাহফুজুর রহমান ওমিসহ স্থানীয় যুব সমাজের সদস্যরা। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রত্যেক মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। জরুরি চিকিৎসার প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়া এবং প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করা সহজ হয়। বিশেষ করে তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


