মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সপ্তাহের প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, উপজেলা ও পৌর শহরসহ বিভিন্ন হাটবাজারের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডা. আবু বকর মো. নাসের রাশু, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম ও টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত।

এছাড়া পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হিরন্দ চন্দ্র পাল, পৌরসভার কর্মকর্তা মো. তাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা।