মৌলভীবাজারের বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উদ্যোগে স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ২০১৪-১৫ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি, বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহিদা আক্তার।
বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার ছাড়া একটি জাতির টেকসই উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। বড়লেখায় নারী শিক্ষার বিস্তারে নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে শিক্ষা, কর্মসংস্থান ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে সংবর্ধিত স্নাতক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পদক ও সনদ তুলে দেওয়া হয়।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


