মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাটে নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নতুন কমিটির শপথ


গোয়াইনঘাটে নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নতুন কমিটির শপথ

সিলেটে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাস্টার নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উমর ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা ঠিকাদারি সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক রুকন আহমদ এবং প্রবাসী কমিউনিটি নেতা এমজে কাওসার আহমদ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ। পরে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, নির্মাণ শ্রমিকেরা দেশের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের শ্রম ও দক্ষতায় ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। অথচ অনেক ক্ষেত্রে তাঁরা ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হন। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবগঠিত কমিটির নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন বলেন, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক, পেশাগত নিরাপত্তা ও কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে কাজ করতে এবং সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

ওসি মো. উমর ফারুক বলেন, নির্মাণ শ্রমিকেরা প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা, সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আইনসম্মতভাবে সংগঠিত ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ বলেন, নির্মাণ শ্রমিকদের অবদান ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কল্পনা করা যায় না। নবগঠিত কমিটি শ্রমিকদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, ন্যায্য দাবি আদায় ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় সংগঠনের উপদেষ্টা সয়ফুল্লাহ, সিনিয়র সহসভাপতি মো. জালাল উদ্দিন, সহসভাপতি মো. মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সহসাধারণ সম্পাদক আলকাশ উদ্দিন, অর্থ সম্পাদক মো. নুরুল আমিন, সহ-অর্থ সম্পাদক মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শুকুর, প্রচার সম্পাদক মো. নেহাল আহমদ, সহ-প্রচার সম্পাদক আমিন সিকদার, দপ্তর সম্পাদক মো. সাহাব উদ্দিন, ক্রীড়া সম্পাদক লোকমান আহমদ ও ধর্মবিষয়ক সম্পাদক মো. কমর উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আসলাম উদ্দিন ও মো. জসিম উদ্দিন এবং সম্মানিত সদস্য মো. ফখরুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. আমির উদ্দিন ও মো. মাসুক আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. সিলেট-৬৪) ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক কমিটির উদ্যোগে এ শপথগ্রহণ ও পরিচিতি সভার আয়োজন করা হয়।