মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ


কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

 

কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব জিরার সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান পরিচালনা করে। কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দ করা জিরার সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।

এ ছাড়া শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে একই বিওপির অপর একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। এসব জিরার সিজার মূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।

দুটি অভিযানে জব্দ করা ১ হাজার ২৬০ কেজি জিরার মোট সিজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।