মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ছাতকে প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন কয়েক শ মানুষ


ছাতকে প্রবাসীদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন কয়েক শ মানুষ

সুনামগঞ্জের ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার কয়েক শ অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার খাগামুড়া ফকির বাড়ি মিলাদ মিয়া মার্কেটে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের সহসাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সভাপতি মিলাদ মিয়া পীরের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম মোস্তাক আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট আই হসপিটালের ম্যানেজার সৈয়দ মুঈদ আলী। তিনি বলেন, এমবিবিএস ও এফসিপিএস (চক্ষু) ডিগ্রিধারী অধ্যাপক ডা. সৈয়দ মারুফ আলী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকার সাবেক পরিচালক ও অধ্যাপক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের কৃতী সন্তান। তাঁর তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের জন্য এ ধরনের চক্ষুসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন অধ্যাপক ডা. সৈয়দ মারুফ আলীকে নেক হায়াত দান করেন। তিনি যতদিন বেঁচে থাকবেন, সৈয়দ পরিবারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বক্তব্য দেন কবির আহমদ, আছমান গণি, সাদক আলী, মন্তাজ আলী পীর, আলা মিয়া, আজাদ, আনোয়ার হোসেন রনি, রাজন আহমেদ তালুকদার, গিয়াস মিয়া, আলাল মিয়া, মাস্টার ফয়জুল হক, আজাদুল ইসলাম, আব্দুল আজিজ, বারিক উল্লাহ, আওলাদুজ্জামান, মহছুন আলী, আব্দুল জব্বার ও আব্দুল কাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সিলেট আই হসপিটালের তত্ত্বাবধানে পরিচালিত শিবিরে চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান ও ডা. তানিম আহমদ চিকিৎসাসেবা দেন। তাঁদের সহযোগিতা করেন সৈয়দ আলাভী, মো. জুনেদ আহমদ, রিমা বেগম, মারুফা আক্তার, নিরন আহমদ, সজল রায় ও মো. সুহেল আহমদ।

দিনব্যাপী এ আয়োজনে কয়েক শ মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান।

সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সভাপতি মিলাদ মিয়া পীর বলেন, তাঁর বাবা ও দাদা সামাজিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করে তিনিও সমাজের মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চান। ইতিমধ্যে রাস্তাঘাট, কবরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন। ভবিষ্যতেও তাঁর পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রবাসীদের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।