মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উখিয়ার ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

১৪ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকে জানে আলমের বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় মিনারা বেগমকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।

পরে সাক্ষীদের উপস্থিতিতে মিনারা বেগমের শয়নকক্ষে খাটের তোষকের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে নীল রঙের ৪০টি জিপার ব্যাগে রাখা ৮ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি ব্যাগে ২০০টি করে ইয়াবা ছিল।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, উদ্ধার করা ইয়াবার ওজন ৭৪৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।