মূল কনটেন্টে যান
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাটে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্নের অভিযোগ

হামলার কয়েক ঘণ্টা পর কন্যাসন্তানের জন্ম, উন্নত চিকিৎসার জন্য ওসমানীতে নবজাতক


গোয়াইনঘাটে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্নের অভিযোগ

গোয়াইনঘাটে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে পাশের আরেকটি ক্লিনিকের পরিচালক ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ধারালো রামদার আঘাতে ওই নারীর বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টা পর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে অবস্থিত মায়ের হাসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মায়ের হাসি ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন একই এলাকার সালেহা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সালেহা বেগম (৪০), তাঁর দুই ছেলে মারুফ আহমদ (২৫) ও মাসুম আহমেদের (২২) বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে রুজিনা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী মায়ের হাসি ক্লিনিকে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসকের পরামর্শে হাঁটাহাঁটির জন্য ক্লিনিকের সামনের রাস্তায় বের হলে পাশের সালেহা ক্লিনিকের পরিচালক সালেহা বেগম তাঁকে নিজেদের ক্লিনিকে ভর্তি হওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে সালেহা বেগম মায়ের হাসি ক্লিনিকের ভেতরে গিয়ে রোগী ও তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাঁর নির্দেশে দুই ছেলে মারুফ ও মাসুমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ক্লিনিকে হামলা চালান। এ সময় মারুফ আহমদ ধারালো রামদা দিয়ে রুজিনা বেগমের মাথা লক্ষ্য করে কোপ দেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে বাম হাত দিয়ে আঘাত ঠেকালে তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্লিনিকের পরিচালক গিয়াস উদ্দিন এগিয়ে এলে তাঁকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ক্লিনিকের জানালার কাচ ভাঙচুরের চেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন গিয়াস উদ্দিন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে রুজিনা বেগম একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।

এদিকে, সালেহা ক্লিনিকের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ওঠার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিস্তারিত তথ্য ও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযুক্তদের বক্তব্য জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সালেহা ক্লিনিকে গেলে সালেহা বেগমের স্বামী তাঁর স্ত্রীর বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যা করার করে ফেলেন। এ বিষয়ে আমার স্ত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না।’ একপর্যায়ে তিনি উত্তেজিত আচরণ করেন। সালেহা বেগমের এক ছেলের বিরুদ্ধেও সংবাদকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। দীর্ঘ চেষ্টা করেও অভিযুক্ত সালেহা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর নিজের ক্লিনিক ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী গিয়াস উদ্দিন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।