মূল কনটেন্টে যান
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার পণ্য জব্দ


কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, পান, শাড়ি ও কম্বলসহ ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর সুরাইঘাট ও গুয়াবাড়ী বিওপির আভিযানিক টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর পাঁচটার দিকে কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা, ৩০টি শাড়ি, ১৪টি কম্বল ও ৮০ বিড়া পান জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।

এদিকে সকাল ৭টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯৬ বিড়া ভারতীয় পান জব্দ করে গুয়াবাড়ী বিওপির টহলদল। জব্দ করা এসব পানের সিজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা।

দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজারমূল্য ১৭ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।