এক নথিতে হিসাবরক্ষক, অন্য নথিতে ইমাম; প্রত্যয়নপত্রে ২০১৭ সাল থেকে দায়িত্ব পালনের উল্লেখ। সভাপতির দাবি, না পড়েই স্বাক্ষর করেছেন। নির্বাহী সভাপতির ভাষ্য, হাফিজ নুরুল ইসলাম অন্যতম ইমাম, মাওলানা জুবায়েরও ইমামতি করেছেন। ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব তদন্তের আবেদন।
একই মসজিদ, অথচ দায়িত্বের পরিচয় নিয়ে তিন নথিতে তিন ধরনের তথ্য। কোনো নথিতে একজন হিসাবরক্ষক, কোনো নথিতে তিনি ইমাম। আবার আরেকজনকে একটি প্রত্যয়নপত্রে ২০১৭ সাল থেকে ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী বলা হলেও অডিট প্রতিবেদনে তাঁর পরিচয় ‘সানি ইমাম’। এসব নথির তথ্যের পার্থক্য ঘিরে প্রশ্ন উঠেছে সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে।
মসজিদের ইমামদের সরকারি সম্মানী ভাতার আবেদন, দায়িত্বসংক্রান্ত প্রত্যয়নপত্র ও অডিট প্রতিবেদনের তথ্যের মধ্যে এই অসংগতি পাওয়া গেছে। বিষয়টি সামনে আসার পর মসজিদের দায়িত্ব বণ্টন, নিয়োগপ্রক্রিয়া এবং পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মুসল্লি ও ব্যবসায়ীদের একটি অংশ।
শুধু ইমাম পরিচয়ের বিতর্ক নয়, মসজিদের দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনাও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন ৬৪ জন মুসল্লি ও ব্যবসায়ী। ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক লেনদেন, দান-অনুদান ও নির্মাণকাজের ব্যয় যাচাইয়ের আবেদন করেছেন তাঁরা। গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত আবেদনটি জমা দেওয়া হয়। একই সঙ্গে নতুন পরিচালনা কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে।
আবেদনকারীদের ভাষ্য, প্রায় ২৮ বছর ধরে মসজিদে ফুলতলী ধারার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মুশাহিদ আহমদ কামালী এবং কওমি ধারার মুফতি মাওলানা আবুল হাসান। অথচ সরকারি সম্মানী ভাতার আবেদনে তাঁদের একজনের নাম বাদ দিয়ে হাফিজ নুরুল ইসলাম ও মাওলানা জুবায়ের আহমদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের দাবি, হাফিজ নুরুল ইসলাম মসজিদের অন্যতম ইমাম এবং মাওলানা জুবায়ের আহমদও বিভিন্ন সময়ে ইমামতির দায়িত্ব পালন করেছেন। ফলে দায়িত্বের পরিচয় নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে হলে সংশ্লিষ্ট নথি ও কমিটির সিদ্ধান্ত সামনে আনা প্রয়োজন।
নথিতে দায়িত্বের পরিচয় নিয়ে যত প্রশ্ন :
মসজিদের ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের অডিট প্রতিবেদনে জনবলের যে তালিকা রয়েছে, সেখানে মুফতি আবুল হাসান ও মাওলানা মুশাহিদ আহমদ কামালীকে ইমাম ও খতিব হিসেবে উল্লেখ করা হয়েছে। হাফিজ নুরুল ইসলামকে বলা হয়েছে ‘সানি ইমাম’। আর মাওলানা জুবায়ের আহমদের পরিচয় দেওয়া হয়েছে হিসাবরক্ষক হিসেবে। একই তালিকায় মো. তারিকুল ইসলাম বাবুলকে মুয়াজ্জিন এবং মো. আব্দুন নূরকে খাদিম হিসেবে দেখানো হয়েছে। নথি অনুযায়ী, প্রতিবেদনটি ২০২৫ সালের ৩০ জুন দাখিল করা হয়।
অথচ সরকারি সম্মানী ভাতার জন্য করা একটি আবেদনপত্রে মাওলানা জুবায়ের আহমদকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তিনি জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক। আবেদনপত্রের সুপারিশ অংশে পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হান্নানের স্বাক্ষর ও সিল রয়েছে।
অন্যদিকে, মসজিদের নিজস্ব প্যাডে দেওয়া একটি প্রত্যয়নপত্রে হাফিজ নুরুল ইসলামকে ২০১৭ সালের ১ এপ্রিল থেকে অদ্যাবধি ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী উল্লেখ করা হয়েছে। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এবং ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনার কথাও বলা হয়েছে।
কিন্তু ৬৪ জনের আবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালে আলমনগর গ্রামের হাফিজ নুরুল ইসলামকে নামাজ পড়ানো ও আজানের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়মিত দুই ইমাম ও খতিবের কেউ অনুপস্থিত থাকলে তিনি ইমামতি করতেন। এ অবস্থায় তাঁকে নিয়মিত ইমাম হিসেবে প্রত্যয়ন দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো, তা জানতে চেয়েছেন আবেদনকারীরা।
অন্যদিকে, অডিট প্রতিবেদনে হিসাবরক্ষক হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের আহমদকে ভাতার আবেদনে ইমাম হিসেবে উল্লেখ করার পেছনে কোন সিদ্ধান্ত কাজ করেছে, সেটিও প্রশ্নের বিষয়। তিনি কখন থেকে ইমামতি করছেন, কী ধরনের দায়িত্ব পালন করেছেন এবং এ বিষয়ে পরিচালনা কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত রয়েছে কি না, তা সংশ্লিষ্ট নথি যাচাই ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
সভাপতি বলছেন, কাগজ না পড়েই স্বাক্ষর :
সরকারি সম্মানী ভাতার আবেদনপত্রে নিজের স্বাক্ষর থাকার বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হান্নান বলেন, “আমি বৃদ্ধ মানুষ। আব্দুন নূর এসে আমাকে কয়েকটি কাগজ হাতে দিয়ে বলে, এগুলোতে সই করে দিলে তারা সরকার থেকে কিছু সহায়তা পাবে। আমি সরল বিশ্বাসে কোনো কিছু না পড়ে কোথায় স্বাক্ষর করতে হবে, তা জেনে স্বাক্ষর দিয়ে দিই। আমি এসবের কিছু জানি না।”
সভাপতির বক্তব্য অনুযায়ী, তিনি আবেদনপত্রের বিষয়বস্তু না জেনেই স্বাক্ষর করেছেন। কিন্তু তাঁর স্বাক্ষর ও সিল ব্যবহার করে কীভাবে ইমাম পরিচয়ে সুপারিশ করা হলো, তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আবেদনপত্র কে প্রস্তুত করেছেন, কারা তা সভাপতির কাছে নিয়ে গেছেন এবং সুপারিশের আগে কমিটির কোনো সিদ্ধান্ত হয়েছিল কি না, তা জানা জরুরি।
নির্বাহী সভাপতির দাবি, দুজনই ইমামতি করেছেন :
অভিযোগের বিষয়ে পরিচালনা কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ বলেন, সরকার বা অন্য কোনো মহল থেকে ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের সম্মানী ভাতার তালিকা প্রস্তুত কিংবা আবেদন করার বিষয়ে কমিটিকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। হাফিজ নুরুল ইসলাম ও মাওলানা জুবায়ের আহমদ নিজের উদ্যোগে আবেদন সংগ্রহ করে কমিটির কাছে প্রত্যয়ন চাইলে তাঁদের বিষয়ে সুপারিশ করা হয়।
নুরুল ইসলাম ও জুবায়ের আহমদ মসজিদের তালিকাভুক্ত ইমাম কি না, জানতে চাইলে মোস্তাক আহমদ বলেন, “হাফিজ নুরুল ইসলাম মসজিদের অন্যতম ইমাম। মুফতি আবুল হাসান ও মাওলানা মুশাহিদ আহমদ কামালী হলেন ইমাম ও খতিব। হাফিজ নুরুল ইসলামও ইমাম। তাছাড়া মাওলানা জুবায়ের আহমদ মাঝেমধ্যে কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করেন। মাওলানা মুশাহিদ আহমদ কামালী যখন তিন মাস অসুস্থ ছিলেন, তখন একা হাফিজ নুরুল ইসলামের পক্ষে ইমামতি করা সম্ভব ছিল না। জুবায়ের আহমদও সে সময় ইমামতির দায়িত্ব পালন করেছেন। এ জন্য তাঁর আবেদনেও সুপারিশ করা হয়েছে।”
নির্বাহী সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম ও জুবায়ের আহমদের ইমামতির বিষয়টি উঠে এলেও অডিট প্রতিবেদনে তাঁদের দায়িত্বের পরিচয় ভিন্নভাবে উল্লেখ রয়েছে। তাঁরা নিয়মিত, সহকারী নাকি প্রয়োজনের সময় ইমামতি করতেন, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলে জানা গেছে, হাফিজ নুরুল ইসলাম নামাজ পড়ালেও জুবায়ের আহমদের ইমামতির বিষয়টি অনেকের কাছে স্পষ্ট নয়। ফলে বিশেষ পরিস্থিতিতে ইমামতির দায়িত্ব পালন এবং নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার মধ্যে পার্থক্য নির্ধারণ করা জরুরি।
ভাতার আবেদন নিয়ে রাজনৈতিক নেতাদের ভূমিকা?
সরকারি সম্মানী ভাতার বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা প্রসঙ্গে নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ তাঁর আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, খেলাফত মজলিসের নেতারা বিষয়টি দেখছেন, এমন কথা তিনি বলেননি। তাঁর ভাষ্য, সংসদ সদস্যের লোকজনসহ বিভিন্ন দলের নেতারা বিষয়টি দেখভাল করছেন, তিনি শুধু এটুকুই বলেছেন।
অন্যদিকে, মাওলানা মুশাহিদ আহমদ কামালী বলেন, সরকারি সম্মানী ভাতার পরিপত্র দেখার পর তিনি নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের কাছে জানতে চান, তাঁদের আবেদন করা হয়েছে কি না। জবাবে তাঁকে জানানো হয়, এসব কাগজপত্র খেলাফত মজলিসের নেতারা নিয়ে গেছেন।
এ নিয়ে কয়েকজন মুসল্লি ও ব্যবসায়ীর প্রশ্ন, মসজিদের সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলের নেতারা নেন, তাহলে পরিচালনা কমিটির ভূমিকা কী?
তবে নির্বাহী সভাপতির বক্তব্য অনুযায়ী, আবেদনকারীরা নিজেরাই আবেদন সংগ্রহ করে কমিটির কাছে প্রত্যয়ন চেয়েছেন। আবার তাঁর বক্তব্যেই সংসদ সদস্যের লোকজনসহ বিভিন্ন দলের নেতাদের বিষয়টি দেখভালের প্রসঙ্গ এসেছে। ফলে আবেদন প্রস্তুত, সুপারিশ ও নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, তা পরিষ্কার হওয়া দরকার।
মাওলানা মুশাহিদ আহমদ কামালীর নাম আবেদন থেকে বাদ পড়ার বিষয়ে মোস্তাক আহমদ বলেন, বিষয়টি জানার পর তিনি কামালীকে পুনরায় আবেদন করার জন্য প্রত্যয়ন সংগ্রহ করে দিয়েছেন। তাঁর মতে, এ ক্ষেত্রে কামালী সাহেব কিছুটা অপেক্ষা করতে পারতেন।
মিটিং করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য :
মাওলানা মুশাহিদ আহমদ কামালীর বিরুদ্ধে অভিযোগ তুলে মোস্তাক আহমদ বলেন, মসজিদের স্বত্ব নিয়ে মামলাকারী একটি পক্ষকে নিয়ে তিনি পরিচালনা কমিটির বিরুদ্ধে মসজিদে মিটিং করেছেন। এটি কমিটির নিয়ম ও বিধিবিধান পরিপন্থী বলে তাঁর দাবি।
তবে অভিযোগ অস্বীকার করে মাওলানা মুশাহিদ আহমদ কামালী বলেন, মসজিদে নোটিশ দিয়ে বা আনুষ্ঠানিকভাবে কোনো মিটিং করেছেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। তাঁর ভাষ্য, বিষয়টি নিয়ে মুসল্লি ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছিল। মাগরিবের নামাজের পর কয়েকজন মুসল্লি একত্র হয়ে তাঁকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। এটিকে পরিচালনা কমিটির বিরুদ্ধে মিটিং বলা ঠিক নয়।
১৫ বছরের আর্থিক হিসাব যাচাইয়ের দাবি :
ইমাম পরিচয় নিয়ে বিতর্কের পাশাপাশি মসজিদের আর্থিক ব্যবস্থাপনা তদন্তের দাবি জানিয়েছেন ৬৪ জন মুসল্লি ও ব্যবসায়ী। তাঁদের আবেদনে ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক লেনদেন, দান-অনুদান, নির্মাণকাজের ব্যয় এবং সংশ্লিষ্ট দলিলপত্র যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারীদের ভাষ্য, মসজিদের পুনর্নির্মাণসহ বিভিন্ন খাতে ধর্মপ্রাণ মুসলমানেরা দীর্ঘদিন ধরে অর্থ সহায়তা দিয়ে আসছেন। এসব অর্থ যথাযথভাবে সংরক্ষণ ও ব্যয় করা হয়েছে কি না, তা নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এ কারণে মসজিদের সব আর্থিক খাতের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
আবেদনে ২০১৯ সালে মসজিদের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, সে সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার পর মসজিদের তৎকালীন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ব্যাংক হিসাবে ১১ লাখ টাকা জমা দিয়েছিলেন। করোনা মহামারি ও তৎকালীন সরকারদলীয় মহলের চাপের কারণে পূর্ণাঙ্গ তদন্ত হয়নি বলেও অভিযোগ তাঁদের। এ-সংক্রান্ত একটি নথির অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
এর আগে ২০১৯ সালের ২৩ জুলাই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে মসজিদের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ শাকুর চৌধুরী কোকিল ও কোষাধ্যক্ষ এম এ আজিজের বিরুদ্ধে অর্থ ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের অভিযোগের কথা উঠে এসেছিল। সেসব প্রতিবেদনে ব্যাংকে টাকা জমা রাখা, কমিটির মেয়াদ ও নির্বাচন নিয়েও প্রশ্ন তোলা হয়।
তবে অতীতের এসব অভিযোগকে প্রমাণিত অনিয়ম হিসেবে দেখার সুযোগ নেই। প্রকৃত অবস্থা জানতে সংশ্লিষ্ট সময়ের ব্যাংক হিসাব, অডিট প্রতিবেদন, দান-অনুদানের রসিদ, নির্মাণকাজের বিল-ভাউচার ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত যাচাই করা প্রয়োজন।
নতুন পরিচালনা কমিটি চান মুসল্লিরা :
আবেদনে বলা হয়েছে, গত মার্চ-এপ্রিল মাসে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মসজিদের অধিকাংশ মুসল্লির অজান্তে বিদ্যমান পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। এ নিয়ে বিতর্ক তৈরি হলেও নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে আবেদনকারীদের দাবি।
তাঁদের মতে, মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে মুসল্লি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। তাই স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের আবেদন জানিয়েছেন তাঁরা।
আবেদনের অনুলিপি জকিগঞ্জ পৌরসভার প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে।
সংসদ সদস্যের বলয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন :
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের কওমি ধারার ইমাম ও খতিব মুফতি মাওলানা আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য। তিনি খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকার তাঁকে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে মনোনীত করেছে। দীর্ঘদিন ধরে তিনি মসজিদে দায়িত্ব পালন করে আসছেন।
সরকারি সম্মানী ভাতার আবেদন প্রস্তুত ও তালিকা তৈরির প্রক্রিয়ায় সংসদ সদস্যের রাজনৈতিক বলয়ের ব্যক্তিদের ভূমিকা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংসদ সদস্যের লোকজনসহ বিভিন্ন দলের নেতাদের বিষয়টি দেখভালের কথা এসেছে।
তবে কারা ওই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাঁরা কোন দায়িত্ব বা কর্তৃত্বে কাজ করেছেন এবং সংসদ সদস্য নিজে এ বিষয়ে কোনো ভূমিকা রেখেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সংসদ অধিবেশন থাকায় স্থানীয় সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান জানান, সারা উপজেলায় ১৫০টি মসজিদ সরকারি ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হবে। এমপি মহোদয়ের পক্ষে তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বিশেষ ভাবে দেখা হয়েছে যে, কোন মসজিদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। কোন রাজনৈতিক বিবেচনায় নয়, বরং দেখে দেখে গরীব ও কম সামর্থ্যবান ইমাম, মুয়াজ্জিন, খাদিমদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে।
প্রশ্নের জবাব মিলবে নথি যাচাইয়ে :
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে কারা নিয়মিত ইমামতি করেন, কারা প্রয়োজনে দায়িত্ব পালন করেন, তাঁদের নিয়োগ ও দায়িত্বের আনুষ্ঠানিক ভিত্তি কী, সরকারি সম্মানী ভাতার আবেদনে নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কীভাবে হয়েছে, অডিট প্রতিবেদনের সঙ্গে আবেদনপত্রের তথ্যের পার্থক্য কেন, এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
একইভাবে ২০১১ সাল থেকে মসজিদের আয়-ব্যয়, ব্যাংক হিসাব, দান-অনুদান ও নির্মাণকাজের ব্যয়ের নথি যাচাইয়ের দাবিও উঠেছে। অভিযোগের সত্যতা যেমন নিরপেক্ষ তদন্তে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন, তেমনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করাও জরুরি।
দীর্ঘদিন ধরে দুই ধারার আলেমদের সমন্বয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই মসজিদকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান চান তাঁরা। এখন তাঁদের প্রত্যাশা, উপজেলা প্রশাসন নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেবে এবং মসজিদের দায়িত্ব বণ্টন ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে।


