অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও অসম্পূর্ণ মাত্রায় ওষুধ সেবনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি। এর ফলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও ক্রমেই কঠিন হয়ে পড়ছে। প্রতিবছর এ কারণে বিশ্বে প্রায় সাত লাখ মানুষের মৃত্যু হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে ২০৫০ সাল নাগাদ মৃত্যুর সংখ্যা বছরে এক কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ওষুধের প্যাকেটেই সচেতনতামূলক বার্তা যুক্ত করার উদ্যোগ নিচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অ্যান্টিবায়োটিকের প্যাকেটে ‘ফুল কোর্স শেষ না করলে স্বাস্থ্যের ক্ষতি হবে’ এমন সতর্কবার্তা লেখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি ওষুধের নির্ধারিত মাত্রা অনুযায়ী প্যাকেটের আকার নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
গতকাল ওষুধ সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য ও উদ্যোগের কথা জানানো হয়।
সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফয়েজ আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ওষুধের যথাযথ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার ১৩ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষিত-নিরক্ষর নির্বিশেষে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করেন। এ প্রবণতা বন্ধ করতে সারা দেশের ফার্মেসিগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি।
সেমিনারে সভাপতিত্ব করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি অ্যান্টিবায়োটিকের নির্ধারিত ডোজ অনুযায়ী প্যাকেটের আকার নির্ধারণের ওপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সেমিনারে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


