মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে সিসি ক্যামেরা-সার্চলাইট, বাড়ছে থার্মাল ড্রোনের ব্যবহার

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, চলতি বছরে ১৭৮ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ


নিজস্ব প্রতিবেদক
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে সিসি ক্যামেরা-সার্চলাইট, বাড়ছে থার্মাল ড্রোনের ব্যবহার

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের পাশাপাশি নাইট ভিশন ডিভাইস এবং থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সিলেট সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা আরও সুসংহত করতে বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় সরাইল রিজিয়ন ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ আটক করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

একই সময়ে সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নগুলো ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছে। চোরাচালান দমনের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সীমান্ত নিরাপত্তা রক্ষায় সচেতনতা ও দায়িত্ববোধ বেড়েছে। সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয় জনগণও বিজিবিকে সহযোগিতা করছেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে কাজ করছে না উল্লেখ করে জানানো হয়, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত এসব কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।