মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিরোধ, স্থিতাবস্থা বজায় রাখতে আদালতের নির্দেশ

দোকানে ব্যবসা পরিচালনায় বাধা না দেওয়া ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ


জকিগঞ্জ বাজারে মাংসের দোকান নিয়ে বিরোধ, স্থিতাবস্থা বজায় রাখতে আদালতের নির্দেশ

সিলেটের জকিগঞ্জ বাজারের চৌমুহনীতে মাংসের দোকান স্থানান্তরকে কেন্দ্র করে বাজার ব্যবস্থাপনা কমিটি ও মাংস ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবার আদালতে গড়িয়েছে। এ ঘটনায় বিরোধপূর্ণ দোকানঘরের বিষয়ে অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বাদীদের স্বাভাবিক ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি না করা এবং সংশ্লিষ্ট এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২ জুলাই ২০২৬ জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি ও পৌরসভা প্রশাসকের পক্ষ থেকে বাজারের নির্ধারিত মাংসের শেডে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও বাজারের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিশুপার্কসংলগ্ন স্থান থেকে মাংসের দোকান সরিয়ে নেওয়াসহ ব্যবসায়ীদের জন্য ছয়টি শর্ত আরোপ করা হয়।

তবে মাংস ব্যবসায়ীদের একটি অংশ ওই সিদ্ধান্তের বিরোধিতা করে নির্ধারিত শেডে যেতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক নেতাদের সমন্বয়েও একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি।

মাংস ব্যবসায়ীদের দাবি, পৌরসভা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করেই তাঁরা শিশুপার্কসংলগ্ন এলাকায় নির্দিষ্ট দোকানকোটা বরাদ্দের বিপরীতে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন। লাইসেন্স থাকার পরও বর্তমান পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদক্ষেপের কারণে তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলে অভিযোগ তাঁদের।

মামলার বিবরণে জানা যায়, জকিগঞ্জ বাজারের আলমনগর মৌজার বিএস ১৭৪৭ নম্বর দাগভুক্ত দোকানঘরকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী রফিক আহমদের সঙ্গে বাজার ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীলদের বিরোধের সৃষ্টি হয়। মামলায় রফিক আহমদ অভিযোগ করেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ তাঁদের সমর্থকদের নিয়ে তাঁর দোকানঘর তালাবদ্ধ করার চেষ্টা করেন এবং নিয়মিত ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর রফিক আহমদ ও শামীম আহমদ বাদী হয়ে জকিগঞ্জের সিভিল জজ আদালতে স্বত্ব মোকদ্দমা নং ৮৮/২০২৬ ও ৮৯/২০২৬ দায়ের করেন। মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

গত ১১ নভেম্বর শুনানি শেষে সিভিল জজ আদালত মামলাগুলোতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। আদালতের আদেশ অনুযায়ী, বিবাদীপক্ষের আপত্তি দাখিল না করা পর্যন্ত বিরোধপূর্ণ দোকানঘরের বিষয়ে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে হবে।

একই সঙ্গে বাদীরা যাতে দোকানে নিয়মিত ব্যবসা পরিচালনা করতে পারেন, সে ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না কেন, সে বিষয়ে নোটিশ পাওয়ার ২১ দিনের মধ্যে আদালতে লিখিত আপত্তি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জকিগঞ্জ থানার ওসিকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে কমিটির কোষাধ্যক্ষ কে আই বুলবুল বলেন, ‘আমরা আজ আদালতের নোটিশ পেয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির বক্তব্য যথাযথভাবে আদালতের সামনে তুলে ধরা হবে। আমরা মনে করি, আমাদের বক্তব্য উপস্থাপিত হলে আদালত সবকিছু বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত দেবেন।’

মাংসের দোকান স্থানান্তর নিয়ে দীর্ঘদিনের বিরোধে ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের ফলে মামলার আওতাভুক্ত দোকানঘর নিয়ে আপাতত উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকানঘরের মালিকানা বা বিরোধের মূল বিষয়টি আদালতের বিবেচনাধীন থাকবে।