মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

হিন্দুদের দেবী নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সংশোধনের আহ্বান জমিয়তের


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
হিন্দুদের দেবী নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সংশোধনের আহ্বান জমিয়তের

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রমনা মন্দির পরিদর্শনের সময় বক্তব্য দেন রাষ্ট্রপতি। সেই বক্তব্যে তিনি উল্লেখ করেন, সমগ্র পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন নেমে এসেছিল, তখনই দেবী দুর্গার আবির্ভাব ঘটেছিল। রাষ্ট্রপতির দেওয়া এই বক্তব্যের একটি অংশ নিয়ে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি রাষ্ট্রপতির বক্তব্যের সংশ্লিষ্ট অংশটি পুনর্বিবেচনা করে প্রত্যাহার এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে জমিয়ত সভাপতি বলেন, ইসলামি আকিদা অনুযায়ী মহান আল্লাহ তাআলাই সমগ্র বিশ্বজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও রক্ষাকর্তা। কোনো দেব-দেবীকে সমগ্র পৃথিবীর ত্রাণকর্তা বা রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করা ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্যে এমন শব্দ বা বক্তব্য ব্যবহার করা উচিত নয়, যা দেশের বিপুলসংখ্যক মুসলিম নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ এবং সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার পালনের অধিকার রাখেন। তবে ধর্মীয় সম্প্রীতির নামে কোনো ধর্মের মৌলিক বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্যকে গ্রহণযোগ্য করে তোলা যায় না। ভবিষ্যতে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে ধর্মীয়ভাবে সংবেদনশীল বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।