আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নতুন উচ্চতায় পৌঁছাল। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। মৌলভীবাজারের বড়লেখার গাংকুল গ্রামের এই সন্তানের সাফল্যে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৭টি দেশের অংশগ্রহণে মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন জহরত আদিব চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এক তথ্যবিবরণীতে এই জয়ের তথ্য নিশ্চিত করেছেন।
বিজয়ী হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রচারণায় সহযোগিতা করা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান জহরত আদিব চৌধুরী। আগামী ৯ অক্টোবর আইপিইউ গভর্নিং কাউন্সিলে তাঁর নির্বাচন আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি দেশের সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বৈশ্বিক সংসদীয় রাজনীতিতে বাংলাদেশের জোরালো অবস্থান ও কূটনীতির পরিধি আরও সমৃদ্ধ হবে।
এদিকে, বড়লেখার দক্ষিণভাগের গাংকুল গ্রামের এই কৃতী সন্তানের আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তাঁর পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।


