সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন হাজী মোঃ সবুজ আলম। বিএনপির স্থানীয় রাজনীতির মাঠের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝে সাবেক এই ইউপি চেয়ারম্যানকে নিয়ে আলোচনা চলছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যার প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে।
হাজী মোঃ সবুজ আলম বর্তমানে তাহিরপুর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি ডিজিটাল সেবার প্রসার, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ সময়ে সাধারণ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। অতীতের এসব সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এলাকার ভোটার ও সমর্থকেরা তাঁকে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে চান।


