মূল কনটেন্টে যান
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইন্তেকাল করেছেন কুলাউড়ার প্রথম সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম


ইন্তেকাল করেছেন কুলাউড়ার প্রথম সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম

অস্ট্রেলিয়ায় শুক্রবার (৯ অক্টোবর) ইন্তেকাল করেছেন তৎকালীন সিলেট-১৩ (কুলাউড়া) আসনের প্রথম সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী (৯৭)। সাবেক এই গণপরিষদ সদস্য দীর্ঘদিন যাবত পরিবারসহ দেশটিতে অবস্থান করছিলেন।

‎স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন এই প্রবীণ আইনজীবী। তিনি বাংলাদেশের সংবিধানের খসড়া কমিটির সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত ছিলেন। খসড়া তৈরি করার সময় সংসদ সদস্যদের দল থেকে বহিষ্কার করা হলে যেন তাঁদের সংসদ সদস্য পদ থেকেও বহিষ্কারের অনুমতি দেওয়া হয়, সংবিধানে এমন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার পক্ষে তিনি যুক্তিক্রম তুলে ধরেন।

‎১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তৎকালীন সিলেট-১৩ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। এর আগে ১৯৭০ সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএলএ হিসেবে জয়লাভ করেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করেন।

‎কুলাউড়ার হাজীপুর এলাকায় জন্মগ্রহণকারী ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরীর বাবার নাম তজম্মল আলী চৌধুরী। রাজনীতি ও মুক্তিযুদ্ধের নানা কর্মকাণ্ডে জড়িত থাকা এই ব্যক্তিত্ব পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে দেশটির তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনসহ তদানীন্তন সব রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।