মূল কনটেন্টে যান
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিলেটে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার


সবুজ প্রান্ত অনলাইন
সিলেটে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
ছবি : সংগ্রহকৃত

সিলেটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

‎গত (৮ অক্টোবর) বৃহস্পতিবার রাতে সিলেট নগরের শাহপরান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পশ্চিম মাছিমপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. জিয়াউর রহমান (৩৬) এবং জগন্নাথপুর থানার লোহারগ্রাম এলাকার মৃত মো. ছমির আলীর ছেলে সৈয়দ রহিম আলী।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সিপিসি-৩ ও সিলেট সদর কোম্পানির একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে শাহপরান থানার আল-ইসলাহ ত্রিমুখী পয়েন্ট এলাকা থেকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে সৈয়দ রহিম আলীকে গ্রেপ্তার করা হয়।

‎বাহিনীটির তথ্যমতে, গ্রেপ্তার দুজন সিলেটের জকিগঞ্জ থানায় ২০১৮ সালের ২৬ মার্চ দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত। ওই মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

‎এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।