মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জালনোট চেনার কৌশল জানাতে জকিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা


নিজস্ব প্রতিবেদক
জালনোট চেনার কৌশল জানাতে জকিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

বাজারে কেনাকাটা কিংবা ব্যবসায়িক লেনদেনের সময় হাতে আসা নোটটি আসল, নাকি জাল, তা বুঝতে না পেরে অনেকেই পড়েন বিপাকে। বিশেষ করে সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জালনোট শনাক্ত করা বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সিলেটের জকিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মশালা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) রনজিত চন্দ্র মালাকার।

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল জালনোট শনাক্তের ব্যবহারিক প্রদর্শনী। প্রধান অতিথি লাইটার ব্যবহার করে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য পরীক্ষা করে উপস্থিত ব্যক্তিদের সামনে আসল ও জাল নোটের পার্থক্য বোঝানোর চেষ্টা করেন। এ ছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রং পরিবর্তনশীল কালি ও মাইক্রো প্রিন্টসহ মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

শুধু জালনোট নয়, ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়েও আলোচনা করা হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব ও লেনদেন নিরাপদ রাখা, পিন-পাসওয়ার্ডের গোপনীয়তা এবং আর্থিক প্রতারণা থেকে বাঁচার বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালায় শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি রনজিত চন্দ্র মালাকার বলেন, কোনো ব্যাংক ময়লা বা সয়েল নোট কিংবা নষ্ট নোট গ্রহণে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভাপতির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, অনেক সময় মানুষ ময়লা বা নষ্ট নোট নিয়ে বিড়ম্বনায় পড়েন। এ ধরনের ভোগান্তি এড়াতে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেনের ব্যবহার বাড়াতে মানুষকে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জের নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম সরকার। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, জকিগঞ্জ শাখার ম্যানেজার (এসপিও) মোহাম্মদ কামরুল হাসান।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না। তাঁরা বলেন, জালনোট প্রতিরোধে শুধু শহর বা উপজেলা সদরে সচেতনতামূলক কর্মসূচি সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রত্যন্ত ইউনিয়ন, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান পর্যায়েও এ ধরনের প্রশিক্ষণ ও প্রচারণা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক সামিয়া শারমিন ও উপপরিচালক শুভাশীষ পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনতা ব্যাংক, জকিগঞ্জ শাখার সিনিয়র অফিসার দেলোয়ার হোসেন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সিলেট-সাউথের এসপিও এ.টি.এম. ইকবাল হোসেন।

বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, জকিগঞ্জ শাখার লিড ব্যাংক হিসেবে সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।