মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে বিএসএফ সদস্য উদ্ধারের খবর গুজব: ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন


জকিগঞ্জে বিএসএফ সদস্য উদ্ধারের খবর গুজব: ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন

ভারতের আসাম সীমান্তে নিখোঁজ এক বিএসএফ সদস্যকে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকা থেকে উদ্ধারের খবরকে গুজব বলে জানিয়েছে ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যাটালিয়নের পক্ষ থেকে ফোনে খবরটির সত্যতা নাকচ করা হয়।

এর আগে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার কাটিগোড়া সীমান্তে বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কনস্টেবল (জিডি) কে. ভেনু (৩০) নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ভেনু হরিনগর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল আসাম-এর প্রতিবেদনে বলা হয়, গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নিখোঁজ হন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ছিলেন। চার থেকে পাঁচজন সন্দেহভাজন পাচারকারীকে ধাওয়া করার একপর্যায়ে তাঁরা নদীতে নামেন। পরে জিতেন্দ্র যাদব তীরে ফিরতে সক্ষম হলেও ভেনুর সন্ধান পাওয়া যায়নি।

এরপর বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, নিখোঁজ বিএসএফ সদস্যকে বাংলাদেশের জকিগঞ্জের আমলশীদ সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বিজিবি। কোনো কোনো প্রতিবেদনে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলার কথাও উল্লেখ করা হয়।

তবে বিজিবির ১৯ ব্যাটালিয়ন ওই উদ্ধারের খবরকে গুজব বলে জানিয়েছে। ফলে বিএসএফ সদস্যকে বাংলাদেশে উদ্ধারের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সীমান্তসংক্রান্ত এমন স্পর্শকাতর ঘটনায় তথ্যের সত্যতা যাচাই না করে কোনো দেশ বা পক্ষকে দায়ী করে সংবাদ প্রকাশের বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে নিখোঁজ হওয়ার পর অপহরণের সন্দেহ এবং পরবর্তী সময়ে বাংলাদেশে মরদেহ উদ্ধারের মতো পরস্পরবিরোধী দাবি প্রচারের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র ও প্রমাণ থাকা জরুরি।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এ ধরনের সংবাদ প্রকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাইহীন তথ্য দুই দেশের মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করতে পারে।