মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চুনারুঘাটে অসুস্থ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মানবিক উদ্যোগ প্রধান শিক্ষকের


চুনারুঘাটে অসুস্থ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মানবিক উদ্যোগ প্রধান শিক্ষকের

অসুস্থতার কারণে পরীক্ষা চলাকালে বিপাকে পড়া নবম শ্রেণির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের চুনারুঘাট অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা ও সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহান।

জানা যায়, বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ বোধ করলে বিষয়টি সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহানকে জানায়। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহাকে অবহিত করেন।

বিষয়টি জানার পর প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অসুস্থ শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে তাকে আলাদা কক্ষে রেখে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় মাত্র একজন শিক্ষিকা ওই শিক্ষার্থীর পরীক্ষার দায়িত্ব পালন করেন।

শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ অক্ষুণ্ন রাখা এবং একই সঙ্গে অন্য শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নেওয়া এ উদ্যোগকে দায়িত্বশীলতার পরিচয় হিসেবে দেখছেন সচেতন মহল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহা ও সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহানসহ সংশ্লিষ্ট সবার এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন সচেতন ব্যক্তিরা। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।