মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতিতে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীরশ্রী ইউনিয়নের বাসিন্দারা। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং ৭০টি মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জকিগঞ্জের টুকেরবাজার (ভিঙ্গাইর বাজার) শেডে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে উঠে আসে ১৯৭১ সালের নভেম্বর মাসে জকিগঞ্জ ও আটগ্রাম শত্রুমুক্ত করার বীরত্বগাথা।
হাজী আব্দুল হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীরশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লন্ডনপ্রবাসী আবুল কালাম আজাদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টুকেরবাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুক আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাফিজ মজুমদার ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন এবং গীতা পাঠ করেন জোতিষ চন্দ্র পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী খলিল উদ্দিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। স্বাগত বক্তব্য দেন গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ বিবেক বিহারি দাস।
সরকারি গাড়ি থাকলেও যাতায়াত করতেন বাসে, ব্যক্তিগত কাজে ব্যবহার করতে দেননি সরকারি সম্পদ১৫ নভেম্বর ২০২৬অনুষ্ঠানে বীরশ্রী ইউনিয়নের ৭০টি মুক্তিযোদ্ধা পরিবারের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। জকিগঞ্জ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধার বসবাস বীরশ্রী ইউনিয়নে উল্লেখ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে এ ইউনিয়নের অবদান ও মুক্তিযোদ্ধা পরিবারগুলোর ত্যাগ যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের বীরশ্রী ইউনিয়ন কমান্ডার মুজিবুর রহমান, শেরুলভাগ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি জোতিষ চন্দ্র পাল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও ব্যবসায়ী হাফিজ মোস্তাক আহমদ, সমাজসেবী হারুনুর রশীদ, সাংবাদিক এনামুল হক মুন্না, ব্যবসায়ী আব্দুশ শহীদ প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনসহ বীরশ্রী ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পর জকিগঞ্জ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এটি মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তাঁরা প্রতিবছর ২১ নভেম্বর জকিগঞ্জ মুক্ত দিবস পালন করে আসলেও এত দিন রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। এখন যখন এ স্বীকৃতি দেওয়া হচ্ছে, তখন অনেক মুক্তিযোদ্ধা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাঁরা স্বচক্ষে দেখে যেতে না পারলেও তাঁদের আত্মা নিশ্চয়ই আনন্দিত হচ্ছে।
তিনি এ ঐতিহাসিক স্বীকৃতির জন্য বর্তমান সরকার, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বীরশ্রীতে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়ায় হাজী আব্দুল হক ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আকরাম আলী বলেন, ১৯৭১ সালের নভেম্বর মাসে ৪ নম্বর সেক্টরের আওতাধীন জকিগঞ্জকে শত্রুমুক্ত করতে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়। দেওয়ান ফরিদ গাজী, আব্দুল লতিফ এবং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্তসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের পরিকল্পনায় ২০ নভেম্বর রাতে যৌথ বাহিনী অভিযান শুরু করে।
তিনি জানান, যৌথ বাহিনী তিনটি দলে বিভক্ত হয়ে কুশিয়ারা নদী পার হয়ে আমলশীদ, লোহার মহল ও জকিগঞ্জ কাস্টমসের দিক থেকে আক্রমণ চালায়। এতে পাকিস্তানি বাহিনী চাপে পড়ে পিছু হটতে বাধ্য হয়। ২১ নভেম্বর ভোরে জকিগঞ্জ শত্রুমুক্ত হলে স্থানীয় বাসিন্দারা মুক্তিবাহিনীকে আনন্দের সঙ্গে বরণ করে নেন। তবে নদী পার হয়ে তীরে ওঠার সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় কর্মকর্তা মেজর চমন লাল শহীদ হন।
তিনি আরও বলেন, জকিগঞ্জ শত্রুমুক্ত হওয়ার পরও পুরো এলাকা মুক্ত করতে আটগ্রামে তীব্র যুদ্ধ হয়। ২২ নভেম্বর আটগ্রাম শত্রুমুক্ত হয়। এ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহবুবুর রহমানসহ দেশি-বিদেশি কয়েকজন কর্মকর্তা ও সৈনিক শহীদ হন। ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে সড়কের বাজারের পশ্চিমে ঈদগাহ গোরস্তানে সমাহিত করা হয়।
আকরাম আলী বলেন, বর্তমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হয়ে আটগ্রামের যুদ্ধে অংশ নিয়েছিলেন। তৎকালীন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের সঙ্গে স্মৃতিবিজড়িত সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি স্মৃতিচারণে আরও উল্লেখ করেন, জকিগঞ্জ শত্রুমুক্ত হওয়ার পর ২২ নভেম্বর আব্দুল লতিফসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ২৯ নভেম্বর জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বেসামরিক প্রশাসন চালু করা হয়। ৩০ নভেম্বর থেকে নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও পুনরায় শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু স্থানীয় ইতিহাস নয়, এটি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও শহীদদের স্মৃতি সংরক্ষণেও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।



