সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে দিনভর প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে এনামুল হক এনাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ আহমদ চৌধুরী পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান আহমদ পেয়েছেন ৩৯ ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান ৫১ ভোট (নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট) এবং সহ-সভাপতি পদে বদরুল আলম ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালিক পেয়েছেন ৩৩ ভোট)।
কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সাধারণ সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ বাবর (নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আল মামুন পেয়েছেন ৩১ ভোট) এবং কোষাধ্যক্ষ পদে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার হুমায়ুন (নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলওয়ার হোসেন মাহমুদ পেয়েছেন ৩৭ ভোট)। সম্পাদকীয় ও অন্যান্য পদে বিজয়ীরা হলেন—দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম (৩৭ ভোট), প্রচার সম্পাদক ফাহিম আহমদ (৩৪ ভোট), ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তামিম আহমদ (৪০ ভোট), সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন (৪৪ ভোট), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন (৪৭ ভোট), প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন (৪১ ভোট) এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু (৩৬ ভোট)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জাবের আহমদ (৪৭ ভোট), বাবর জোয়ারদার (৪৪ ভোট), মাহদী রহমান (৩৮ ভোট) এবং এম. আব্দুল জলিল (৩৭ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা পর্ষদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক ও লেখক আনোয়ার শাজাহান, সাংবাদিক আব্দুল আহাদ, আবুল কালাম ও শহীদুর রহমান সুহেদ। পাশাপাশি নির্বাচন কমিশনের সহযোগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রোমান আহমদ নোশাদ, মনসুর হোসেন মুন্না, দেলওয়ার হোসেন মান্না, নজরুল ইসলাম ও মেহেদী হাসান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


