মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভায় মুফতি আবুল হাসান এমপি


নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সভায় মুফতি আবুল হাসান এমপি
দূর্গাপূজার প্রস্তুতি সভায় মুফতি আবুল হাসান এমপির অংশগ্রহন

অহেতুক রাজনৈতিক বক্তব্য ও অতিরিক্ত আনসার মোতায়েন না করার আহ্বান পূজারীদের

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এবারই প্রথম কোনো সংসদ সদস্যের উপস্থিতি ছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি বলেন, হাজার বছর ধরে চলে আসা হিন্দু-মুসলিম সম্প্রীতির উর্বর ভূমি জকিগঞ্জে বরাবরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো দুষ্কৃতকারী যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্পর্ক নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে চৌকস ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার।’

সভায় আসন্ন পূজায় মদ্যপানসহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়। আজান ও নামাজের সময় সব ধরনের সাউন্ড সিস্টেম ও গান-বাজনা বন্ধ রাখতে হবে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইউনিয়নভিত্তিক সময়সূচি প্রতিটি পূজামণ্ডপে সরবরাহ করা হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসারের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়। এবার জকিগঞ্জে ৯৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা পূজা উদযাপনের প্রস্তুতি সভায় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের উপস্থিতির জন্য তাকে ধন্যবাদ জানান। তারা বলেন, জকিগঞ্জে এ ধরনের প্রস্তুতি সভায় কোনো সংসদ সদস্যের উপস্থিতি এবারই প্রথম।

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দের অহেতুক বক্তব্য পরিহারের আহ্বান জানান সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। তারা বলেন, ধর্মীয় আয়োজনের সময় এ ধরনের বক্তব্য তাদের ধর্মীয় আচারে বিঘ্ন সৃষ্টি করে। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন না করার অনুরোধ জানান তারা। তাদের ভাষ্য, অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হলে তাদের থাকা-খাওয়া ও বিশ্রামের ব্যবস্থা করতে পূজা আয়োজকদের অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়।

সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক কেএম মামুম, রহমত আলী হেলালী, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জোতিষ চন্দ্র পাল, বর্তমান সভাপতি হিরালাল বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি সীতেন্দ্র দাস, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সরনজিৎ রায় ও স্কুল শিক্ষক পলাশ দত্ত প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ শুভ্র, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সরোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, বিএনপি নেতা হিফজুর রহমান প্রমুখ।