মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে দুই পক্ষের বিরোধ মেটাতে সালিশ, ৫০ হাজার টাকা করে আমানত

সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি লেখালেখি থেকেও বিরত থাকার সিদ্ধান্ত


জকিগঞ্জে দুই পক্ষের বিরোধ মেটাতে সালিশ, ৫০ হাজার টাকা করে আমানত
খাড়াভরা মাদ্রাসার অফিসে উভয় পক্ষের মধ্যে আপোষ-মিমাংসার জন্য মধ্যস্থতা বৈঠক

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে দায়ের করা পাল্টাপাল্টি মামলা ও উত্তেজনার মধ্যে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তিতে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য উভয় পক্ষ ৫০ হাজার টাকা করে আমানত রেখে সালিশি প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। একই সঙ্গে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি লেখালেখি ও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাড়াভরা মাদ্রাসার অফিসে বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ ফারহানের মধ্যস্থতায় দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এ উদ্যোগ নেওয়া হয়।

সালিশি বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে একটি সালিশ বোর্ড গঠন করা হয়েছে। এতে রয়েছেন আনোয়ার হোসেন খান, মাওলানা আলাউদ্দিন তাপাদার, মাওলানা আব্দুল হালিম, জাহেদ আহমদ ফারহান ও মাওলানা আব্দুল মুমিন। এ ছাড়া জুবেল আহমদের পক্ষ থেকে নূরুল হক এবং সালেহ আহমদের পক্ষ থেকে আব্দুল হামিদ সালিশ বোর্ডে রয়েছেন।

উভয় পক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা আমানত রাখা হয়েছে। আমানতদার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জামেয়া মখযনুল উলুম গাফফারিয়া খাড়াভরা মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা জামাল উদ্দিনকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি লেখা, মন্তব্য ও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ও ১৮ নভেম্বর উপজেলার মইয়াখালী পয়েন্টে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ী সোহেল আহমদ খোকনের অভিযোগ, ছালেহ আহমদ (সদাই), তাঁর ছেলে সাজিদ আহমদসহ কয়েকজন তাঁর দোকানে হামলা চালিয়ে তাঁকে ও তাঁর ভাই আজিজুর রহমানকে মারধর করেন। এ সময় দুই দোকান থেকে মোট দেড় লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। তাঁর অভিযোগের সমর্থনে সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ফুটেজ রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ছালেহ আহমদ পাল্টা অভিযোগে দাবি করেন, তাঁর ভাইয়ের বিদ্যুৎ বিল পরিশোধের জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষই জকিগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।

তবে মামলা দায়েরের পরও স্থানীয়ভাবে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় এলাকায় সমঝোতার একটি পথ তৈরি হয়েছে। সালিশ বোর্ডের মাধ্যমে দুই পক্ষের বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।