সিলেটের জৈন্তাপুরে এসআরবি-৯ ও বিজিবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শ্রীপুর চা-বাগানসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সদর কোম্পানি ও ৪৮ বিজিবি সিলেটের একটি যৌথ অভিযানিক দল রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর চা-বাগানসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়।
পরে অভিযানিক দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি পলিথিনের ভেতর থেকে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক (ওজন ২ কেজি ৩৫০ গ্রাম) এবং ৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





