সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে, একই গ্রামের নিজ বসতঘর থেকে সোহান (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এবং গতকাল দিবাগত রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও তাঁর চাচাতো ভাই আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগম হাতে আঘাত পান। মাকে আহত হতে দেখে উত্তেজিত হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অন্যদিকে, গতকাল দিবাগত রাত ১টার দিকে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে সোহান (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে এবং স্নাতক (অনার্স) শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। পরে রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একই ইউনিয়নের কাছাকাছি এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




