দীর্ঘদিনের ভোগান্তির অবসানে প্রায় ৫২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্নির্মাণ ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জের ঈদগাহবাজার এলাকায় সড়কটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে জকিগঞ্জের ঈদগাহবাজারের পূর্ব দিক থেকে চরিয়া পর্যন্ত প্রায় ১৪ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিস নেতা আব্দুল কাইয়্যুমের সঞ্চারনায় বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ প্রমুখ।
কুলাউড়ায় নিখোঁজের ৫ মাস পর রাঙামাটিতে মিলল মানসিক ভারসাম্যহীন মুহিবুরের সন্ধান৮ অক্টোবর ২০২৬অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি বলেন, “নির্বাচনের আগে আমি ওয়াদা করেছিলাম শেওলা-জকিগঞ্জ সড়ক ও কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক সংস্কার করার। ইতোমধ্যে বুরহান উদ্দিন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজেরও উদ্বোধন হলো। নদী ভাঙন প্রতিরোধেও কাজ চলমান আছে।”
তিনি এসব কাজে বিভিন্ন মহলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, “আমরা বিভিন্নজন বিভিন্ন দল করতে পারি, কিন্তু জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ।”
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শেওলা-জকিগঞ্জ সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছিল। এতে জকিগঞ্জের সঙ্গে জেলা সদরসহ বিভিন্ন এলাকার যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের। সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ কমার প্রত্যাশা করছেন এলাকাবাসী।

