মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইছামতি দারুল উলুম কামিল মাদরাসায় ৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণে ইছামতি মাদ্রাসায় বিরাজ করছিল এক আবেগঘন পরিবেশ


ইছামতি দারুল উলুম কামিল মাদরাসায় ৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
ইছামতি কামিল মাদ্রাসার ৩ শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গভর্নিং বডির সভাপতি মাওলানা ছালিক আহমদ তাপাদার

দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা আর শিক্ষার্থীদের শ্রদ্ধায় আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা পেয়েছেন ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার তিন শিক্ষক। তাঁরা হলেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রতিষ্ঠান পরিবর্তনকারী সাবেক প্রভাষক (অর্থনীতি) মো. হারিছ উদ্দিন ও সাবেক শিক্ষক আহমদ আল ফয়সল। তাঁদের সম্মানে মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব মাওলানা মো. ছালিক আহমদ তাপাদার। এতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম ও হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান।

অনুষ্ঠানে সংবর্ধিত তিন শিক্ষক তাঁদের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও মাদরাসার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিস উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাসুক আহমদ, সহকারী শিক্ষক মুহি উদ্দিন চৌধুরী, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী ও মাওলানা মো. আব্দুল কাইয়ুম।

সাবেক শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, মাওলানা রুহুল আমিন খান, প্রভাষক সুয়েব মাহমুদ ও মাওলানা আবু সুফিয়ান। এ ছাড়া হবিবিয়া ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলাম চৌধুরী, আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান চৌধুরী, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান আহমদ ও দশম শ্রেণির শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে দশম শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম পবিত্র কোরআন তিলাওয়াত করেন। নাতে রাসুল পরিবেশন করেন আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন ও দশম শ্রেণির শিক্ষার্থী আমান আহমদ। সংবর্ধিত শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন কামিল জামাতের শিক্ষার্থী রুহুল আমিন এবং আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান চৌধুরী ও আহমদ আল আমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ এম এ করিম, ৯ নম্বর মানিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ, কসকনকপুর গাজীর মোকাম দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. নাজমুল হক, ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল মালিক চৌধুরী, সাবেক শিক্ষার্থী মাওলানা জাকারিয়া আহমদ চৌধুরী ও হবিবিয়া ছাত্র সংসদের সাবেক জিএস মাওলানা সুহেল আহমদসহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় মাদরাসার সব শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট, মানপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরীর পরিচালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।