হাত ধোয়ার সঠিক নিয়ম জানা থাকলেও অনেকেই তা মেনে চলেন না। অথচ সঠিক সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে পারে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে হাত ধোয়ার প্রদর্শনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জকিগঞ্জের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী হাত ধোয়ার আটটি কৌশল এবং ছয়টি গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে দেখান। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেসিনে গিয়ে কৌশলগুলো অনুশীলন করে।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জকিগঞ্জের সিসিটি ধ্রুবরাজ চক্রবর্তী।
সভাপতির বক্তব্যে সুজিত কুমার চন্দ বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি শুধু ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয় নয়, ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধেরও কার্যকর উপায়। শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক নিয়ম শেখাতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেরা নিয়ম মেনে হাত ধোয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন ও উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আহমদ আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক দিলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাসকে শুধু দিবস উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অংশ করতে হবে। এ জন্য শিশুদের সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।


