মূল কনটেন্টে যান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জৈন্তাপুরে চাকরির প্রলোভনে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১


জৈন্তাপুরে চাকরির প্রলোভনে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১

জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে মো. রামিম আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) র‌্যাব-৯ সিলেটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুক্তভোগী সাগরিকা বেগম (৩৯) নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকার বাসিন্দা। গত ৮ অক্টোবর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে এসে নাছরিন বেগম নামে আরেক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা একসঙ্গে জাফলংয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অভিযোগ অনুযায়ী, মাজারের সামনের সড়কে জাফলং যাওয়ার জন্য অপেক্ষার সময় রামিম আহমদ ৪০০ টাকা ভাড়ায় মাইক্রোবাসে করে তাঁদের সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। পরে তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়। এতে রাজি না হওয়ায় তাঁদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়া নামে আরেক অভিযুক্তসহ সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁরাও দুই নারীকে ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখান।

পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় এবং পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরে সাগরিকা বেগম জৈন্তাপুর থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পরিপ্রেক্ষিতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দরবস্ত বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি রামিম আহমদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রামিম আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার কলিম উল্লাহর ছেলে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুর মডেল থানায় গত ৯ অক্টোবর করা মামলাটিতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬ ও ৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।