সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহলদল এসব অভিযান চালায়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া পৃথক অভিযানে ২ হাজার ৬০০ পিস জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন ও চারটি গরু জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


