সিলেটের জকিগঞ্জ বাজারে মাংসের ব্যবসা পরিচালনা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, একটি কুচক্রী মহলের প্ররোচনায় তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা এই দাবি করেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, জকিগঞ্জ, কালিগঞ্জ, সড়কের বাজার ও বাবুর বাজারসহ এলাকার বিভিন্ন বাজারে তাঁরা দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করে আসছেন। পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে এবং সরকারি ফি পরিশোধ করেই তাঁরা এই ব্যবসা পরিচালনা করছেন। অন্য কারও অপরাধের দায় অহেতুক তাঁদের ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, বাজারের কিছু ব্যবসায়ী ফুটপাতসহ খোলা স্থানে ব্যবসা করলেও বাজার পরিচালনা কমিটি সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ তাঁরা নিয়মনীতি মেনে নির্দিষ্ট দোকানের ভেতরে ব্যবসা করলেও নিয়মিত বাধা ও হয়রানির মুখে পড়ছেন। আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তাঁরা।
এ সময় বাজারের বর্তমান মাংসের সেডের অবস্থান নিয়েও আপত্তি জানান ব্যবসায়ীরা। তাঁদের দাবি, সেডটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বাড়ির কাছাকাছি স্থাপন করায় আশপাশের পরিবেশ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
চলমান এই বিভ্রান্তি নিরসন এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার স্বার্থে বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।