
মৌলভীবাজারের বড়লেখায় ঝুঁকিপূর্ণ এক পরিস্থিতি মোকাবেলা করে সফলভাবে শততম স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সম্পন্ন করেছেন ডা. মো. আবু বকর সিদ্দিক। বড়লেখা সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনরত এই চিকিৎসক নিজেই এই মাইলফলকের তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রসূতির জরায়ুমুখ সম্পূর্ণ প্রসারিত থাকা সত্ত্বেও নবজাতকটি উল্টো অবস্থানে বা ব্রিচ (Breech) প্রেজেন্টেশনে ছিল। এর পাশাপাশি গর্ভে পানির পরিমাণ অত্যন্ত কম থাকায় পুরো চিকিৎসা প্রক্রিয়াটি বেশ উৎকণ্ঠাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
এদিকে অর্থনৈতিক অসচ্ছতার কারণে রোগীর পরিবারের পক্ষে সিজারিয়ান অপারেশন করানো সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে চিকিৎসকের ওপর পূর্ণ আস্থা রেখে তারা সর্বোচ্চ চেষ্টার অনুরোধ জানান। রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসক ও তাঁর টিম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন করতে সক্ষম হন।
এ বিষয়ে ডা. আবু বকর সিদ্দিক জানান, চিকিৎসকের মূল দায়িত্ব হলো সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাওয়া, তবে জীবন-মৃত্যুর চূড়ান্ত ফয়সালা মহান আল্লাহর ইশারায় হয়। আল্লাহর অশেষ রহমতে মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। এই অর্জনকে দলীয় প্রচেষ্টার ফল উল্লেখ করে তিনি বলেন, শততম নরমাল ডেলিভারি একা কোনো চিকিৎসকের একক সাফল্য নয়; এটি রোগীর পরিবারের বিশ্বাস এবং চিকিৎসক টিমের সম্মিলিত চেষ্টার ফসল। ভবিষ্যতে মানুষের কষ্ট লাঘবে সেবামূলক এই কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার দোয়া কামনা করেছেন।
এই সফল প্রসবের পর মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত হওয়ায় চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।