
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অঙ্গীকারে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে জকিগঞ্জ উপশাখায় এক গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকালে অনুষ্ঠিত সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কানাইঘাট শাখার ম্যানেজার (অপারেশন) গোলাম মোস্তাফা রাশেদ সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন জকিগঞ্জ উপশাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার (আরডিএস) মো. আব্দুশ শাকুর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতী আবুল হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ হাসান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতী আবুল হাসান বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী শরিয়াহ অনুযায়ী সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। সুদমুক্ত জীবনব্যবস্থা গড়ে তুলতে ইসলামী ব্যাংকিংয়ের বিকল্প নেই। তিনি বলেন, ছাত্রজীবনে ১৯৮৭ সালে সিলেটের তালতলা শাখায় ইসলামী ব্যাংকে নিজের প্রথম হিসাব খুলেছিলেন। জকিগঞ্জে একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের শাখা প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। বর্তমান উপশাখাটিকে দ্রুত পূর্ণাঙ্গ শাখায় উন্নীত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, পৌর খেলাফত মজলিস নেতা আহমদ আব্দুল কুদ্দুস, ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মাওলানা জুবায়ের আহমদ, ব্যবসায়ী কাজী আজাদুল হক, আলতাব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, আলেম-উলামা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রসার এবং জকিগঞ্জ উপশাখাকে পূর্ণাঙ্গ শাখায় উন্নীত করার গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।