
সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে নিজের দেড় বছর বয়সী কন্যাসন্তানকে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে কালারুকা গ্রামের আমির আলী ও সুবিনা জান্নাত দম্পতির মেয়ে এবং পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আমির আলী ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজের জন্য ডেকেছিলেন। স্বামী বাসা থেকে বের হওয়ার পর সুবিনা বেগম হাত-পা বেধে বটি দা দিয়ে শিশুকন্যাকে ঘরের ভেতরে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। একই সময়ে পরিবারের আরেক শিশুকে আঘাতের চেষ্টা করা হলে সে দৌড়ে গিয়ে মসজিদে থাকা বাবাকে খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুবিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন,এই ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,নিহত শিশুটি পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। স্বজনদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।