
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে নিজের মেয়ের জন্য পছন্দ করা বিয়ের পাত্রের সঙ্গে পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুনের সঙ্গে শৈলকুপার গাড়িচালক রাশেদ আলীর (৩৮) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। জীবিকার কারণে রাশেদ আলী প্রায়ই বাড়ির বাইরে থাকতেন।
অভিযোগ রয়েছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন (২৪) নামে এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। ওই যুবক নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
পরে রিমি নিজের বড় মেয়ের বিয়ের জন্য মামুনকে পাত্র হিসেবে পছন্দ করেন। তবে মা ও ওই যুবকের অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে মেয়েটি বিয়েতে আপত্তি জানায়। এ নিয়ে পরিবারে অশান্তি দেখা দেয়। অভিযোগ রয়েছে, মানসিক চাপ সহ্য করতে না পেরে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নেয়।
এ ঘটনার পরও তাদের সম্পর্ক থামেনি। স্বামী বিষয়টি জানতে পেরে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও সফল হননি। পরে মঙ্গলবার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে মামুনের হাত ধরে বাড়ি থেকে চলে যান রিমি।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির মোল্লা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি গৃহবধূর সঙ্গে থাকা শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।