সিলেটের জকিগঞ্জে ভূমি সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে ত্বরান্বিত করতে “ভূমি মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। তিনি বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা সুরক্ষিত রাখা সম্ভব। টানা তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে সংশ্লিষ্ট জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। পাশাপাশি সার্টিফিকেট মামলাও দায়ের করা যেতে পারে।
তিনি জমি সুরক্ষায় তিন “দ” তথা দলিল, দাখিলা ও দখল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নামজারি সহজীকরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম জোরদার এবং দালালচক্রের দৌরাত্ম্য রোধে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তব্যে তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভূমি জালিয়াতি, অবৈধ দখল ও ভুয়া কাগজপত্র তৈরির মতো অপরাধ দমনে এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার এসআই অরুপ সাগর গুপ্ত, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং ভূমি অফিসের সহকারী শামসুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক কেএম মামুন এবং গীতা পাঠ করেন শ্রীকান্ত পাল।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।