সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৮২ লিটার মদ ও একটি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৪টার দিকে এয়ারপোর্ট থানার এসআই মো. সাজীব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বুরজান চা বাগানের বাংলা ঘুড়ি ত্রিমুখী পয়েন্টের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান বস্তি লাইনের অরুন দিওর ছেলে প্রিতম দিত্ত (১৯) এবং গোয়াইনঘাট থানার ফুকনপুর গ্রামের মৃত সইফুল হকের ছেলে ও বর্তমানে শাহপরাণ উপশহরের বাসিন্দা মো. হাসান মিয়া (৩৪)।
এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


