মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

৭ জুনের পরিবর্তে ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
৭ জুনের পরিবর্তে ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা
ছবি : সংগ্রহকৃত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের কারণে পূর্বের সম্ভাব্য তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।




দেশের অন্যতম বৃহৎ এই পাবলিক পরীক্ষায় প্রতিবছর সাধারণত ১২ থেকে ১৩ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন। এর আগে চলতি বছরের এই পরীক্ষাগুলো আগামী ৭ জুন থেকে শুরু করার একটি প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে সেই সম্ভাব্য তারিখ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলো আগের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রায় তিন সপ্তাহ পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা আয়োজনের নতুন এ সিদ্ধান্ত গৃহীত হলো।