
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটিতে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা মুখিয়ে থাকেন। পাথারিয়া পাহাড়ের পাদদেশ ঘেঁষা এই জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য যেন দেশ-বিদেশের হাজারো পর্যটককে হাতছানি দিয়ে ডাকছে।
জলপ্রপাতের আশপাশের সবুজ প্রকৃতি আর চা বাগানের দৃশ্য পর্যটকের মন ও দৃষ্টি কেড়ে নেয় প্রতিনিয়ত। পর্যটকদের পদচারণায় মুখরিত জলপ্রপাত ও আশপাশের এলাকা। পর্যটকদের আগমনে হাসি ফুটে উঠেছে পর্যটন এলাকার ব্যবসায়ীদের মুখে। বর্তমানে দেশে অনেক জলপ্রপাত থাকলেও পর্যটকদের প্রধান আকর্ষণ মাধবকুন্ডই। তাই ঝর্ণাধারার সৌন্দর্য উপভোগে মানুষ ভিড় করেন। ঈদের ছুটিতে মাধবকুন্ড পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়।
সরেজমিনে রবিবার গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে আসছেন। পর্যটকদের ব্যাপক উপস্থিতির ফলে দোকানগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। জলপ্রপাতের পানিতে নানা বয়সী মানুষ সাঁতার কাটছেন, হইচই করার পাশাপাশি প্রিয়জনদের ছবি ক্যামেরাবন্দি করছেন। কিশোর-যুবকরা মেতেছেন জলখেলায়। এ সময় পর্যটকদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে জলপ্রপাত এলাকা। মাধবকুন্ডে আগত শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীকে বাড়তি আনন্দ দিয়েছে মাধবকুন্ডের ভেতরে থাকা ঘোড়া। ঘোড়ায় চড়ে পর্যটকরা আনন্দ উপভোগ করছেন।
কুমিল্লা থেকে বেড়াতে আসা ব্যবসায়ী কামরান হোসেন বলেন, ‘ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মাধবকুন্ড বেড়াতে এসেছি। অনেক ভালো লেগেছে। তবে এখানকার সুযোগ-সুবিধা আর একটু বৃদ্ধি করলে আরও ভালো হতো।’
মাধবপুর থেকে ঘুরতে আসা চাকরিজীবী হাসান আহমদ বলেন, ‘মাধবকুন্ড আসার পথের রাস্তার পাশের চা বাগানের মনোরম দৃশ্য, খাসিয়া পুঞ্জি আর প্রাকৃতিক দৃশ্যগুলো মুগ্ধ করেছে।’
সিলেটের এক কলেজ শিক্ষক জানান, ‘দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র মাধবকুন্ড জলপ্রপাত। এখানকার সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নে নজর দেওয়া হলে এ পর্যটন ক্ষেত্রটি দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।’
মাধবকুন্ডের ব্যবসায়ী রাহেল আহমদ বলেন, ‘ঈদুল ফিতরের ছুটিতে হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত হয়েছে মাধবকুন্ড জলপ্রপাত। পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে আমাদের ব্যবসা অনেক ভালো হয়েছে।’
মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করছি। পর্যটকরা যাতে নির্বিঘ্নে মাধবকুন্ড জলপ্রপাত ঘুরে দেখতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।